ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জুলাই গণ–অভ্যুত্থানের সময়ের একটি হত্যা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহার ও রাজধানীর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কাজী মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
মামলার বিবরণ
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমন গাজী হত্যা মামলায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলা দায়ের ও তদন্ত
ইমন গাজী হত্যা মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ২৮ আগস্ট। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম। তিনি এ মামলায় হারুনুর রশীদ, ইকবাল বাহার ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখাতে পৃথক আবেদন করেন।
গ্রেপ্তার দেখানোর যুক্তি
আবেদনে বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে হারুনুর রশীদ, ইকবাল বাহার ও মনিরুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
বর্তমান অবস্থা
পৃথক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন হারুনুর রশীদ, ইকবাল বাহার ও মনিরুল ইসলাম।



