ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্তের পর তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের বিবরণ
গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ছাত্রদল নেতা আনিসুর রহমান (৩০) ছাড়া অন্য দুজন হলেন আরিফুল ইসলাম (২৮) ও নবী হোসেন (২৪)। ইয়াবা সেবনের অভিযোগে আটকের পর ডোপ টেস্ট করে তাদের দণ্ড দেওয়া হয়।
অভিযানের স্থান ও আটক
উপজেলা প্রশাসন জানায়, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্যবাজার ও পূর্ব গোবরাকুড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা আনিসুর রহমান, আরিফুল ইসলাম ও নবী হোসেনকে পৃথক স্থান থেকে আটক করা হয়। মাদক নেওয়া আলামত জব্দের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের ডোপ টেস্ট করানো হয়।
ডোপ টেস্টের ফল ও সাজা
ডোপ টেস্টে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরিফুল ইসলাম ও নবী হোসেনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনজনকে কারাগারে পাঠানো হয়।
প্রতিক্রিয়া
ইউএনও ফয়সাল আহমেদ প্রথম আলোকে বলেন, 'মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটকের পাশাপাশি মাদক সেবনের আলামত জব্দ করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করালে তাতেও মাদক গ্রহণের বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এরপর তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।'
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, 'দণ্ড পাওয়া তিনজনকে আজ রোববার বেলা একটার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।'



