ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাতটি রাজনৈতিক দল নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতন্ত্রিক আন্দোলন (এনডিএম) ও আমজনতার দল।
নোটিশের বিবরণ
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির উপ-সচিব মো. মনির হোসেন দলগুলোকে এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের বিবরণী নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আরপিওর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী এই সময়সীমা নির্ধারিত ছিল।
এর আগে গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মের মধ্যে ব্যয় বিবরণী জমা দিতে বলা হয়েছিল। পরে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও দলগুলো ব্যয়ের হিসাব জমা দেয়নি।
জরিমানা ও সম্ভাব্য ব্যবস্থা
নোটিশে আরও বলা হয়েছে, আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ব্যয় বিবরণী জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, তার জবাব অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর দিতে হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'কয়েকটি রাজনৈতিক দল কমিশনের কাছে তাদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেয়নি। এর মধ্যে একটি দল সময় বাড়ানোর আবেদনও করেছে। এখন কী করা হবে সেটা কমিশনের সিদ্ধান্ত। সচিবালয় থেকে আমরা আইনগত অবস্থাটা দেখি। কমিশন আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ নেবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।'



