হাসপাতালে ডাক্তার না পেয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ, জরুরি সভা ডাক
হাসপাতালে ডাক্তার না পেয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ

নিজ নির্বাচনি এলাকা বরিশাল-৪ এর মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার (১৩ জুন) আকস্মিক পরিদর্শনে গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। সেখানে গিয়ে তিনি চিকিৎসকদের অনুপস্থিতি, হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ থাকা ও হাজিরা খাতায় বিভিন্ন অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনে যা দেখলেন প্রতিমন্ত্রী

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক বন্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিকিৎসকদের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করেন। পর্যালোচনায় স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন

এক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। মোবাইল ফোনে তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় চিকিৎসাসেবায় অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী হাসপাতালের প্রশাসনিক অব্যবস্থাপনা দূর করতে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বান করার নির্দেশ দেন।

গণমাধ্যমে প্রতিমন্ত্রীর আশ্বাস

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ