ঢাকার বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতির মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
আদালতে তদন্ত কর্মকর্তার আবেদন
তদন্ত কর্মকর্তা আদালতে আসামিকে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে আফজাল হোসেনের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালত তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।’
মামলার অভিযোগ
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মো. কামাল হোসেন রিপন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় আফজাল হোসেনসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।



