নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক কলেজছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক বিবস্ত্র করে ভিডিও ধারণ করেছে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা। ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
ঘটনার বিবরণ
থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুন সকালে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা ওই কলেজছাত্রীকে একটি খালি বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে সাব্বির (২৬), তার স্ত্রী মুমু (২৩) ও তাদের সহযোগী রিফাত মিলে কলেজছাত্রীকে একটি রুমে আটকে রাখে। পরে তারা জোরপূর্বক ওই কলেজছাত্রীর পোশাক খুলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পর ওই কলেজছাত্রীকে অবরুদ্ধ করে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
পিতাকে পিটিয়ে আহত
ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে প্রতিবাদ করলে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে ওই কলেজছাত্রী ও তার পিতার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ ও তদন্ত
এ ঘটনায় ভুক্তভোগী কলেজছাত্রীর পিতা মমিন আলী বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
চক্রের দীর্ঘদিনের অপরাধকর্ম
এলাকাবাসীর অভিযোগ, মোগরাপাড়া ইউপির বাড়িমজলিস এলাকার মো. ফজলুল হকের ছেলে সাব্বির ও তার স্ত্রী মুমুসহ ৪-৫ জনের একটি দল হানি ট্র্যাপ চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে তাদের বাসায় ডেকে এনে সর্বস্ব লুট করে নিত। এছাড়াও সাব্বির ও তার সহযোগীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পেত না।



