কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষে আহত ১৫
কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সংঘর্ষের সূত্রপাত

এর আগে সকালে উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ী গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে হজে যান। তিনি ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন।

লাগেজ ফিরিয়ে আনার চেষ্টা

লাগেজটি ফিরিয়ে আনার জন্য গত বৃহস্পতিবার ওই বৃদ্ধার পরিবার হজ এজেন্সিতে গিয়ে চাপ দেন। কিন্তু কর্তৃপক্ষ লাগেজের দায়িত্ব হজযাত্রীর বলে জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বৃদ্ধার স্বজনরা হজ এজেন্সিটিতে ভাঙচুর চালান। এরই জেরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহত ও পুলিশের অবস্থান

এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। কসবা থানার ওসি নাজনীন সুলতানা বলেন, লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাতে পেরেছি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ