চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশার ধাক্কায় রাফিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর পরিচয়
নিহত রাফিন পাটন এলাকার শ্রমিক মো. ইয়াছিনের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। রাফিন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল রাফিন। একপর্যায়ে সে বাড়ির পাশের সড়কে উঠে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে এবং মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়।
উদ্ধার ও মৃত্যু
শিশুটির চিৎকার শুনে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনের বক্তব্য
রাফিনের খালা জেসমিন আক্তার বলেন, ‘রাফিন খুবই শান্ত ও ভদ্র ছেলে ছিল। বাবা-মায়ের খুবই আদরের ছিল সে। কখন যে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেল, কেউই বুঝতে পারেনি। ছেলেটির এমন মৃত্যু মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।’
পুলিশের বক্তব্য
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যুর ঘটনা সত্য। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।



