পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী নিহত, গ্রেফতার ১
পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী নিহত, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যবসায়ীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মহিউদ্দিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ও গ্রেফতারের পরিচয়

নিহত আবদুল মোতালেব হোসেন (৫০) মুছাপুর মিনারবাড়ি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। গ্রেফতার মহিউদ্দিন বন্দরের উত্তর কুলচরিত্র গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে পিয়াল হাসান বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা করেছেন।

ঘটনার বিবরণ

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই অনিল চন্দ্র জানান, নিহতের পরিবারের বরাত দিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, মোতালেব হোসেন ও মহিউদ্দিন যৌথভাবে সুতার ব্যবসা করতেন। ব্যবসার লেনদেনের সুবাদে মহিউদ্দিনের কাছে মোতালেবের ১২ লাখ ১৩ হাজার টাকা পাওনা ছিল। এদিন পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মহিউদ্দিন ও তার সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন মিলে মোতালেবকে মারধর করেন। একপর্যায়ে তাকে আছাড়ও মারা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালে মৃত্যু

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোতালেবকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই অনিল চন্দ্র আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রধান অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ