ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, ৩০-৪০ যাত্রী অল্পের জন্য রক্ষা
ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসের ধাক্কায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ সচিব নিহত হয়েছেন। এ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা ৩০ থেকে ৪০ জন যাত্রী।

দুর্ঘটনার বিবরণ

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিবুল হোসাইন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাগুরা থেকে ছেড়ে আসা খান পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ধাক্কার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও হাসপাতালে নেওয়া

স্থানীয়রা আহত রিবুল হোসাইনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, খান পরিবহনের বাসটি পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত মোটরসাইকেল চালককে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৩০ থেকে ৪০ জন যাত্রী ছিলেন, তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ