বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি মাহদী আমিনের
বুয়েটকে বিশ্বমানের গবেষণা কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। শনিবার (২৭ জুন) বিকালে বুয়েট অডিটোরিয়ামে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বুয়েটের ঐতিহ্য ও ভূমিকা

মাহদী আমিন বলেন, বুয়েটের যেমন সেন্টার অব এক্সিলেন্স হিসেবে সৃজনশীলতা, মেধা, বুদ্ধি এবং দেশ বিনির্মাণের ভূমিকা রয়েছে, ঠিক তেমনি রয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে অনেক অবদান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের যত বড় বিশ্ববিদ্যালয়ে যাবেন, দেখবেন সেখানে বুয়েটের শিক্ষার্থী বা শিক্ষক রয়েছেন। বুয়েটে ভর্তির মাধ্যমে তারা একটি বাস্তব ঐতিহ্য পাচ্ছেন, যা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত।

শিক্ষা ব্যবস্থার লক্ষ্য

নতুন সরকার মাত্র চার মাস আগে দায়িত্ব নিয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকারের মূল উদ্দেশ্য হলো এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা যেখানে শিক্ষার্থী শুধু সার্টিফিকেট অর্জন করবে না, বরং সুনাগরিক হিসেবে গড়ে উঠবে—যার মধ্যে ন্যায়, নীতি, সততা, যোগ্যতা ও দেশপ্রেম থাকবে। শিক্ষার্থীরা চাকরি ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার প্লাটফর্ম পাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থীদের প্রতি আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, বুয়েটকে এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে। যেহেতু তারা দেশের শীর্ষ মেধাবী, তারাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও স্পোর্টস কালচারকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি—এই দায়িত্ব নিয়ে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গবেষণা তহবিল ও অবকাঠামো

সরকারের পক্ষ থেকে বুয়েট শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়ে মাহদী আমিন বলেন, শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন কিভাবে বুয়েটে গবেষণার জন্য আরও বেশি ফান্ডিংয়ের ব্যবস্থা করা যায়। তিনি অডিটোরিয়ামের অবকাঠামোগত অবস্থার কথা উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে আরও সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং তা করা হবে।

শহীদ আবরার ফাহাদকে স্মরণ

শহীদ আবরার ফাহাদের কথা স্মরণ করে মাহদী আমিন বলেন, তিনি বুয়েটেরই পূর্ববর্তী শিক্ষার্থী ছিলেন। সরকার চায় শিক্ষার্থীদের মেধার বহিঃপ্রকাশের জন্য প্রয়োজনীয় প্লাটফর্ম তৈরি করে দেওয়া। তিনি বলেন, জনগণের সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের ভিত্তি হবেন।

বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী এবং ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া।