রাজধানীর বাংলামোটর এলাকার পান্থকুঞ্জ পার্কের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে থাকা জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত এক যুবকের (অজ্ঞাত) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।
ঘটনার বিবরণ
শনিবার (১১ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির জাম্বুরা গাছের সঙ্গে ইন্টারনেটের তার দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্ত ও মামলা
তিনি বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে সে বিষয়টি জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



