ঠাকুরগাঁওয়ে এক তরুণীকে (২০) ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১২ জুলাই) ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে রুহিয়া থানায় এ মামলা করেন।
অভিযুক্তরা কারা
আসামিরা হলেন, রুহিয়া থানার ৩নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ী গ্রামের মৃত নইমদ আলীর ছেলে মো. আক্তারুল ইসলাম (৩৮) এবং তার স্ত্রী মোছা. মোস্তাকিমা বেগম (৩৪)। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর বাড়ি একই এলাকায়।
ঘটনার বিবরণ
অভিযুক্ত আক্তারুল ইসলাম দীর্ঘদিন ধরেই ওই তরুণীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং এতে রাজি না হলে জোরপূর্বক ধর্ষণের হুমকি দিতেন। গত ৭ জুলাই সন্ধ্যায় রাজাগাঁও ইউনিয়ন পরিষদে ভোটার আইডি কার্ডের আবেদনের বিষয়ে কথা বলার বাহানায় মোস্তাকিমা বেগম ওই তরুণীকে নিজের বাড়িতে ডেকে নেন। তরুণীটি তাদের শয়নকক্ষের মেঝেতে বসলে পূর্বপরিকল্পিতভাবে মোস্তাকিমা বেগম ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিয়ে বাইরে চলে যান।
ধর্ষণচেষ্টা ও প্রতিরোধ
ঘরের আলো নেভানোর পরপরই আগে থেকে ওত পেতে থাকা আক্তারুল ইসলাম ঘরে প্রবেশ করে তরুণীর মুখ চেপে ধরেন এবং মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী তরুণী চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসলে আসামি আক্তারুল ইসলাম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে লোকলজ্জা ও পারিবারিক আলোচনার কারণে থানায় এসে মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে বাদী জানান।
পুলিশের অবস্থান
রুহিয়া থানার ওসি বদিউজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।



