লক্ষ্মীপুরে একটি মারধরের মামলায় আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে তার মা ফারহানা আক্তার শিল্পি দুই দিন ধরে কারাগারে রয়েছেন। এই ঘটনায় বুধবার জামিন শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আসামির আইনজীবী মহসিন কবির স্বপন।
কারাগারে প্রেরণের ঘটনা
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত সদরের পেশকার দেলোয়ার হেসেন বলেন, সিআর-৫৬৫ মামলায় সোমবার আসামি শিল্পি ও জহির উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক শাহ জামাল। পরে তাদের আদালতের পুলিশ হাজতে পাঠানো হয়। আসামির সঙ্গে দুধের শিশুকে কারাগারে নেওয়ার বিষয়টি আগে জানা ছিল না বলেও জানান তিনি।
আইনজীবীদের বক্তব্য
আসামিপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বলেন, বুধবার জামিন শুনানি রয়েছে। জামিন হবে বলে আশা করছি। আসামি ফারহানার আইনজীবী মহসিন কবির স্বপন বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা যায় শিল্পিকে মারধর করা হয়েছে। কিন্তু তার হাতে কোনো রড ছিল না এবং তিনি কাউকে আঘাতও করেননি। এরপরও বাদী মাহাতাবকে মাথায় গুরুতর আঘাতের অভিযোগে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। তার সঙ্গে এখন দুধের শিশু সিয়ামও কারাগারে রয়েছে।
তিনি আরও বলেন, মেডিক্যাল সার্টিফিকেটে আঘাতকে সাধারণ জখম হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি জামিনযোগ্য হলেও শিল্পিকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার এ বিষয়ে জামিন শুনানি হবে। তবে বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন সুমন বলেন, আদালত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন। নিয়ম অনুযায়ী সাত দিন পর আবার জামিন আবেদন করা যায়। বুধবার জামিন শুনানি আছে কিনা, তা তার জানা নেই।
কারাগারের অবস্থা
লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল বলেন, আড়াই বছরের শিশু সিয়ামকে নিয়ে তার মা শিল্পি কারাগারে আছেন। সোমবার বিকালে তাদের কারাগারে আনা হয়।



