আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, এক-এগারোর সরকার থাকাকালীন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজনকে ‘ডি ফ্যাক্টো গভর্মেন্ট’ বলা হতো বলে তথ্য পাওয়া গেছে। রবিবার (১০ মে) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ
চিফ প্রসিকিউটর বলেন, একটি মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিলাম। বৃহস্পতিবার (৭ মে) তাকে গ্রেফতারসহ সেফ হোমে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ৯ মে জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু তথ্য দেন। আমরা সেসব যাচাই-বাছাই করছি। প্রয়োজনে আরও দুদিন সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে। তবে তাকে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
এক-এগারোর ভূমিকা প্রসঙ্গে
এক-এগারোর ভূমিকা নিয়ে প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, এক-এগারোর সরকার থাকাকালীন সময়ে মাসুদ উদ্দিন চৌধুরীসহ আরও কয়েকজনকে ‘ডি ফ্যাক্টো গভর্মেন্ট’ বলা হতো। পুরো সরকারটাই একরকম তারা চালাতেন। এ কারণে সে সময় সব অমানবিক ঘটনা ঘটেছে। এছাড়া যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, সেসবের নেপথ্যে মূল মহানায়ক ছিলেন মাসুদ উদ্দিন। এ জন্য আমরা জিজ্ঞাসাবাদ করেছি। যা তথ্য পেয়েছি, আরও পাওয়া যাবে বলে মনে করছি।
তিনি বলেন, এক-এগারোসহ ফ্যাসিস্ট শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গে সাবেক এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন দমনেও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্তে এসব উঠে আসছে। প্রতিবেদন পেলে সব ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। এছাড়া যেসব মানবতাবিরোধী অপরাধে তার সম্পৃক্ততা থাকবে, সেখানেই আমরা তাকে আসামি করবো।



