গতকাল বৃহস্পতিবার নরসিংদীর বেলাবো, রায়পুরা ও মাধবদী থানা এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বেলাবোয় ট্রলি চালকের মরদেহ
গতকাল সকালে বেলাবো-শিবপুর সড়কের পাশের ধানের জমি হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করে বেলাবো থানা পুলিশ। নিহত আপন বেলাবো উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তার পরিবারের দাবি, আপনকে অন্য কোথাও হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়। আপনের বাবা মোস্তু মিয়া জানান, বুধবার রাতে এশার নামাজের পর বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তার ছেলে। সকালে খবর পান ধানখেতে আপনের মরদেহ পড়ে আছে।
মাধবদীতে ঝুলন্ত মরদেহ
অপরদিকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মনোহরপুর এলাকার একটি বাসা হতে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
রেলস্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ
এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন স্থান হতে অজ্ঞাত পরিচয় (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান, তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মুখমন্ডল ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় স্থানীয়রা পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



