মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকার ইস্কাটনে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঘোষণা দিয়েছেন, অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, 'অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করব এবং তাদের আইনের আওতায় নিয়ে আসব। তারা যে বেআইনি সুবিধাগুলো নিয়েছেন সেই জন্যও তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করাব।'
অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে সরে দাঁড়ানোর আহ্বান
একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, 'যারা অমুক্তিযোদ্ধা তাদের বলব আপনারা এখনই স্বেচ্ছায় এই তালিকা থেকে রিজাইন করুন। সেক্ষেত্রে শাস্তির মাত্রা অবশ্যই কমতে পারে। আর আমরা যখন চিহ্নিত করব তখন কিন্তু শাস্তির মাত্রা যত থাকে ততই হবে।'
মুক্তিযুদ্ধের গৌরব রক্ষার অঙ্গীকার
মুক্তিযুদ্ধের গৌরব ও প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, 'বিগত সময়ে অমুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা অনৈতিক ও বেআইনি। আমরা স্পষ্ট করে বলেছি যে, আমরা সেসব অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করব এবং তাদের আইনের আওতায় নিয়ে আসব।'
দরিদ্র মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত
যারা দরিদ্র মুক্তিযোদ্ধা, তাদের ভাতা বন্ধ হবে না বলেও জানান মন্ত্রী। তিনি প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।



