১০ বছর আগে নাটোর থেকে কুড়িগ্রামে এসে ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার হওয়া এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) কুড়িগ্রাম জেলা অতিরিক্ত দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক এ তথ্য জানান।
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর পরিচয়
সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৪৪)। তিনি নাটোরের বাগাতিপাড়া থানার তমালতলা হরিরামপুর গ্রামের মৃত চাঁন খলিফার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতিতেই আদালত সাজা দেন। একইসঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার বিবরণ
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালের জুলাই মাসে কুড়িগ্রাম পৌর এলাকার তারামন বিবির মোড় থেকে শহিদুলকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে কুড়িগ্রাম ডিবি পুলিশ। এ সময় সেলিম নামে তার আরেক সঙ্গী পালিয়ে যান। পরে ডিবি পুলিশের এক সদস্য বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।
আদালতের রায়
অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১০ বছর পর আদালত বুধবার আসামি শহিদুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর আসামি সেলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় সেলিম আদালতে উপস্থিত থাকলে শহিদুল অনুপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক। তিনি বলেন, ‘আসামি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক। তার অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’



