ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় স্ত্রী শিরীন সুলতানাকে অভিনন্দন জানিয়েছেন নরসিংদী-১ আসনের এমপি ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। মঙ্গলবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন তিনি।
অভিনন্দন বার্তায় যা লিখেছেন খায়রুল কবির খোকন
পোস্টে এমপি খায়রুল লিখেন, আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় আমার অসামান্য স্ত্রীকে জানাই অভিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে-অন্তহীন আলোচনা, মিছিল-মিটিং, আর একটি অভিন্ন স্বপ্ন যে একদিন আমরা দেশের মানুষের জন্য সত্যিকারের কিছু করার জায়গায় পৌঁছাব। প্রতিটি সংগ্রাম, প্রতিটি ত্যাগ এবং বিন্দু বিন্দু কঠোর পরিশ্রমই আমাদের এই ঐতিহাসিক দিনটিতে নিয়ে এসেছে। একসঙ্গে জাতীয় সংসদে পা রাখাটা আমাদের জন্য কেবল কোনো ব্যক্তিগত মাইলফলক নয়; এটি নিজেদের কাছে এবং যে মানুষদের আমরা সেবা করতে চাই, তাদের কাছে রাখা একটি প্রতিশ্রুতি।
আসল কাজ এখন থেকেই শুরু
আসল কাজ এখন থেকেই শুরু উল্লেখ করে স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আমি জানি, তোমার মাঝে যে আবেগ, সততা এবং অটল সাহস আমি সবসময় দেখেছি, ঠিক সেই গুণাবলী দিয়েই তুমি আমাদের নির্বাচনী এলাকা এবং প্রিয় বাংলাদেশের সেবা করবে। সবশেষ এমপি খায়রুল বলেন, আলহামদুলিল্লাহ। সামনের নতুন পথচলার জন্য শুভকামনা, মাননীয় সংসদ সদস্য!
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।



