ফেনীর মহিপালে গত বছরের ৪ আগস্ট সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক মো. সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১২৪ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (৫ মে) ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এই আদেশ দেন।
মামলার বিচার শুরু
এর মধ্য দিয়ে মহিপালে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া ২৪টি মামলার মধ্যে প্রথমবারের মতো কোনো মামলার বিচার শুরু হলো। বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, আগামী ২৩ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলার শুরু থেকেই ৭১ জন আসামি পলাতক রয়েছেন। বর্তমানে ৭ জন আসামি কারাগারে আটক এবং ৪৬ জন জামিনে মুক্ত আছেন।
স্থানীয়দের প্রত্যাশা
দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানান আইনজীবী। ২০২৫ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া তদন্ত শেষে এজাহারনামীয় ৬৫ জন এবং নতুন করে শনাক্ত ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
ঘটনার বিবরণ
২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান টমটম চালক মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।



