মাদারীপুরের শিবচরে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় অভিমানে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে লাফ দেওয়ার হুমকি দেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়। রোববার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
জানা গেছে, জেলার শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে হাসান রোববার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ি সংলগ্ন আনুমানিক ৪শ ৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ে। টাওয়ারে উঠে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন। তা না হলে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন।
উদ্ধার অভিযান
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেন। এতে হাসান রাজি হননি। খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। এভাবে দীর্ঘ সময় পর রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসে।
পরবর্তী ব্যবস্থা
পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে হাসান উঁচু টাওয়ারে উঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা জানান, ‘সন্ধ্যার পর ওই যুবককে উঁচু টাওয়ারে উঠতে দেখে লোকজন ভিড় করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রেম টিকিয়ে রাখতে কৌশল অবলম্বন করেছেন ওই যুবক।’
ফায়ার সার্ভিসের বক্তব্য
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসান নামের যুবককে টাওয়ারের উঁচু থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’



