নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম তানজিনা আক্তার (১৭)। আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তানজিনা এ বছর চর বাটা ইসলামিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। আজ ভোরে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য বাড়ির পুকুরঘাটের দিকে যাচ্ছিল সে। এ সময় বজ্রপাতে মৃত্যু হয় তার।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয় বাসিন্দা মো. বাবলু বলেন, তানজিনার আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল আজ। তবে বজ্রপাতে মৃত্যু হওয়ায় পরীক্ষায় আর অংশ নেওয়া হলো না তার। কিশোরী তানজিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
প্রশাসনের পদক্ষেপ
তানজিনার মৃত্যুর বিষয়টি চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল বাশার নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর পরিবারের আবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



