চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় লোহাগাড়া রেঞ্জার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান।
আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র জানান, মাইক্রোবাসটি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।



