নাটোর শহরের মল্লিকহাটি ঘোষপাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনায় বাকপ্রতিবন্ধী ছেলের শিলপাটার আঘাতে মা শাহীদা বেগমের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই ছেলে আরিফ হোসেনকে আটক করেছে।
ঘটনার বিবরণ
নিহত শাহীদা বেগম ওই এলাকার প্রয়াত শরিফুল হুদা স্টারের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ দীর্ঘদিন ধরে বাকপ্রতিবন্ধী। তিনি প্রায়ই বিভিন্ন কারণে মায়ের সঙ্গে উত্তেজিত আচরণ করতেন এবং মারপিট করতেন। মাকে মারপিট করলে তার মামারা এসে আরিফকে বাড়িতে বেঁধে রাখতেন। রোববারও সে বাধা অবস্থায় ছিল।
ছেলের কষ্ট দেখে মা তার বাঁধন খুলে দেন। এ সময় মামারা কেন আরিফকে বেঁধে রাখে—এ নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে আরিফ ক্ষিপ্ত হয়ে শিলপাটার পাথরের শিল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা শাহীদা বেগম মারা যান।
পুলিশের কার্যক্রম
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাকপ্রতিবন্ধী আরিফকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।



