নোয়াখালীর বেগমগঞ্জে মো. আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আবু বকর উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে।
এর আগে, শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
ঘটনার বিবরণ
জানা গেছে, আবু বকর গাজীপুর চৌরাস্তা এলাকায় তার বড় ভাই নিজামের খাবারের দোকানে কাজ করতেন। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। তিনি গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে বসে মোবাইল দেখছিলেন। এ সময় ৫-৭ জনের একটি দুর্বৃত্তের দল তাকে অপহরণ করে বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরবর্তীতে তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায় ওই দুর্বৃত্তরা।
উদ্ধার ও চিকিৎসা
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বাড়ির সিঁড়ি থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে মারধর করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নতদন্তের রিপোর্ট পেলে আরও বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



