মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিংগাইর পৌরসভার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নজরুল খন্দকার (৬০)। তিনি ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছোট ভাই ওয়াহিদ খন্দকার (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়েছেন।
দীর্ঘদিনের জমিজমা বিরোধ
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই নজরুল খন্দকার ও ছোট ভাই ওয়াহিদ খন্দকারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমির সমাধানে শুক্রবার বিকেলে নিজ বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে স্থানীয় মুরুব্বিদের নিয়ে সালিশি বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
হামলা ও মৃত্যু
এতে অভিযুক্ত ওয়াহিদ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে নজরুল ও তার ছেলেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তাদের মাথায় কিলঘুষি ও ইট দিয়ে আঘাত করা হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
পুলিশি ব্যবস্থা
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



