জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দুর্নীতি রোধে গণভোট বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তিনি ৫ আগস্টের পর রাজনৈতিক নেতাদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। রবিবার (২৮ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গণভোটের মাধ্যমে দুর্নীতি রোধ
নাহিদ ইসলাম বলেন, ‘দুর্নীতিকে যদি সত্যি রোধ করতে হয়, তবে আমাদের অবশ্যই গণভোট বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায়ের ভিত্তিতে সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুশাসন সম্ভব নয়।’
সরকার দলীয় এমপির বক্তব্যের সমালোচনা
সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের একজন সরকার দলীয় সংসদ সদস্য বলেছেন, এখন অনেকে গাড়ি চড়ে। আগে তারা কি চড়তো, রিকশায় চড়তো এখন তারা গাড়ি চড়ে। আজকে মাসের ২৮ তারিখ, আমি রেন্ট-এ কারে ভাড়া নিয়ে একটি গাড়ি ব্যবহার করি নিরাপত্তার জন্য। সেই গাড়ি ভাড়াটা এখনও দিতে পারিনি। আমাদের সরকার দলীয় অনেক নেতা জেলে থাকা অবস্থায় তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ আমলে। এই আমলে সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে তা আমরা জানি না। যারা ধান ক্ষেতে, পাট ক্ষেতে থাকতে হতো ৫ আগস্টের পরে তাদের জীবনের কি পরিবর্তন হয়েছে, তাদের প্রতিবেশীরা খুব ভালো করেই জানে।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় সরকারের উদ্যোগ নিয়ে এনসিপি নেতা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতরের নিজস্ব কাজ আছে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করা সম্ভব, যা সরকারি অধিদফতরের পক্ষে কঠিন। তাই জুলাই ফাউন্ডেশনে বিশেষ বরাদ্দ দিতে আমি অর্থমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি।’
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খোলার দাবি
তিনি আরও বলেন, ‘শোনা যাচ্ছে সরকারের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলতে দিচ্ছে না। আমরা আশা করি এই তথ্যটি সত্য নয়। ৫ আগস্টের মধ্যেই যাতে এই জাদুঘর সর্বসাধারণের জন্য ওপেন করা হয়, সেই দাবি জানাচ্ছি।’



