চট্টগ্রামে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকার বিভিন্ন ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী তরুণী একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন।
পুলিশ জানায়, গত ১০ এপ্রিল ভুক্তভোগী ওই চাকমা তরুণীর বন্ধু অংশুইচিং মারমা চিকিৎসার জন্য ফেনী থেকে চট্টগ্রামে এসে তার বাসায় ওঠেন। এ বিষয়ে একই বাসায় বসবাসকারী ওকরাইজা মারমা এলাকার পরিচিত ওথাইইনু মারমাকে জানালে তিনি আপ্রমং মারমা ও থুয়াইচিং মারমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। এক পর্যায়ে ১৯ এপ্রিল ভুক্তভোগী তরুণীকে ওকরাইজা মারমার সহায়তায় ব্যারিস্টার কলেজ রোডের সিরাজ বিল্ডিংয়ের পঞ্চম তলায় আপ্রমং মারমার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।
এরপর আপ্রমং মারমা, থুয়াইচিং মারমা, ওথাইইনু মারমা ও ওকরাইজা মারমা তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে আত্মগোপনে চলে যায়। শুক্রবার সকালে বিষয়টি ইপিজেড থানার ওসিকে জানালে পুলিশ সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান বলেন, এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।



