আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, বর্তমানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে এবং এ ক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা মাজদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।”
জুলাই সনদ প্রসঙ্গে মন্তব্য
তিনি আরও বলেন, বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে আছে। জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেক প্রশ্ন উঠছে। আইনমন্ত্রী বলেন, “আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে।”
তিনি বলেন, “অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। আমরা বলতে চাই, বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদ আদেশের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তা
জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বক্তব্য দেন।
আইনমন্ত্রীর অন্যান্য কর্মসূচি
এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।



