চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হাজিরখিলের ৮ নম্বর ওয়ার্ডে ফয়েজ আহমদের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন তাকে আটক করে এবং আশপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
পুলিশি ব্যবস্থা
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বিকেলে যুগান্তরকে বলেন, এ ঘটনায় বাড়ির মালিক মাইন উদ্দিনসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।



