রাজধানীর কলাবাগান থানার গ্রিন রোডের একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী (২৯) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হোটেলের চতুর্থ তলার একটি বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুল হক সুমন বলেন, আমরা সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘুমের ট্যাবলেটসহ বিভিন্ন কোম্পানির ৮ থেকে ১০ পাতা ওষুধের খোশা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওষুধ সেবন করায় তার মৃত্যু হয়েছে।
হোটেলে ওঠার কারণ
এসআই জানান, আইইএলটিএস দেওয়ার জন্য ১৯ এপ্রিল ওই হোটেলে উঠেছিলেন তানিয়া নবী। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, তানিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে বিস্তারিত জানা যাবে। এছাড়াও মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।



