বগুড়ায় বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা
বগুড়ায় বাড়ি থেকে ডেকে এনে যুবক কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় রকি মাহমুদ (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত রকি মাহমুদ শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রকি এলাকায় ইট, রড ও সিমেন্ট সরবরাহের ব্যবসা করতেন। এই ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা রকিকে তার বাড়ি থেকে ডেকে বনানী এলাকায় নিয়ে আসে। সেখানে তারা দা ও চাপাতি দিয়ে রকির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রকিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও আইনি ব্যবস্থা

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আকরাম আলী জানান, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত রকির বিরুদ্ধে দুটি অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রকিকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতকদের চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তৎপর রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ