এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা, হাসপাতালে ভর্তি কিশোরী
এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলেন চাচা

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ডান হাত ভেঙে দিয়েছেন তার চাচা। মঙ্গলবার (২১ এপ্রিল) এ ঘটনা ঘটে। আহত কিশোরী বিথী আক্তারকে (১৫) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

বিথী তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামের মো. বাদল হাওলাদারের মেয়ে এবং তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিথীর বাবার সঙ্গে তার চাচাতো চাচা নজরুল ইসলাম (৩৩) ও মো. রাহাতের (১৮) পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

বিষয়টি নিয়ে বিথী অভিযুক্তদের কাছে গেলে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়। আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে শোনা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ