সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে করা একটি মামলায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল হোসেন।
হাসনাত হোসাইনের পরিচিতি
এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসনাত আত্মগোপনে ছিলেন।
মামলার বিবরণ
মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ওই বছরের ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়, যার মধ্যে হাসনাত হোসাইনও রয়েছেন। মামলায় অজ্ঞাত আসামি আরও ২৫০ থেকে ৩০০ জন।



