গাইবান্ধা সদর উপজেলায় জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত (২১) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।
ঘটনার বিবরণ
রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহমিদ রুমন ওই গ্রামের ফারুক ইসলামের ছেলে। তিনি গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত ফারদিন রুহিতকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিরা
পুলিশ আটকরা হলেন- ওই গ্রামের ছানা মিয়ার স্ত্রী বেবি বেগম এবং আকিফ মিয়ার স্ত্রী ইতি বেগম।
বিরোধের পটভূমি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানা মিয়ার সঙ্গে রুমনদের পরিবারের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার রাতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছানা মিয়া ও তার ছেলে আকিফ ধারালো অস্ত্র নিয়ে ফারদিন রুহিতের ওপর হামলা চালান। এ সময় বড় ভাইকে রক্ষা করতে রুমন এগিয়ে এলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছানা মিয়া ও তার ছেলে আকিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হাসপাতালে মৃত্যু
পরে স্বজনরা দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



