নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
ঘটনার বিবরণ
বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন পোরশা উপজেলার নীতপুর সীমান্তচৌকি-সংলগ্ন (বিওপি) এলাকায় বিএসএফের তৎপরতার তথ্য পাওয়া যায়। বিএসএফের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত ১৫ থেকে ২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালান।
প্রতিরোধ ব্যবস্থা
সম্ভাব্য পুশ ইন ঠেকাতে তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ায় বিজিবি। এ ছাড়া আনসার সদস্যরাও ওই এলাকায় অবস্থান নেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা ও লাইট হাতে নিয়ে নিজেদের অবস্থান জানান দেন। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পর পিছু হটতে বাধ্য হয়।
বিজিবির বক্তব্য
বিজিবির নীতপুর বিওপির নায়েব সুবেদার আমির হোসেন বলেন, সন্ধ্যার পর থেকে ১৫-২০ জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারণ শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে বিএসএফের সদস্যরা কিছু লোককে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি, আনসার ও স্থানীয় জনতার শক্ত অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়। অবৈধভাবে বাংলাদেশে কাউকেই অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।



