মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ জানিয়েছে, পিটুনির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়দের বক্তব্য
স্থানীয় সূত্রে জানা যায়, দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে জিয়ানগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাজীব টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে থাকা চার থেকে পাঁচ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।
স্থানীয়দের দাবি, ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে রাজীব বাইরে অবস্থানরত সহযোগীদের কাছে পৌঁছে দেন। একপর্যায়ে গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে হাকিম আলী আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরপর এলাকাবাসী রাজীবকে আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘নিহত রাজীবের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরি ও ডাকাতির অভিযোগ রয়েছে।’ তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পুলিশের কার্যক্রম
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



