নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশেঁা ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে বলে জানা গেছে।
আটক ব্যক্তিরা
আটকরা হলেন- হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৫), আলেফা বিবি (৫০) ও আব্দুল মতিন (৪০)। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিহত আব্দুল হামিদের সঙ্গে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এই নিয়ে আদালতে মামলা চলছে।
ঘটনার বিবরণ
রোববার সকালে হায়দার আলী শাহ বিবাদমান জমিতে হাল চাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশের বক্তব্য
এ প্রসঙ্গে মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



