রাজধানী ঢাকায় শনিবার (৬ জুন) সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকাল সাড়ে ১০টায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে সভা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা এবং বিকাল ৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া সন্ধ্যা ৭টায় সংসদ সচিবালয়ে আইনবিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসসিসির কর্মসূচি
সকাল ৮টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র্যালির উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিল্পমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে ‘Metrology: Building Trust in Policy Making’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি
রাজধানীর গুলশানে এমসিসিআইআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। কৃষি ও কৃষিভিত্তিক শিল্প খাতের ওপর সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম, বাংলাদেশের আয়োজনে ‘Combating Fake News in Bangladesh: Policy, Technology and Accountability’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী।
বাজেট নিয়ে গোলটেবিল আলোচনা
বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে অনলাইন পোর্টাল চর্চা ডট কমের উদ্যোগে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
পুঁজিবাজার নিয়ে সংবাদ সম্মেলন
বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের হলরুমে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ এবং পুঁজিবাজার সংস্কার কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সিএনজি খাতের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় বিজয়নগরের আকরাম টাওয়ারে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিইআরসি ঘোষিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব এবং সিএনজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এতে আলোচনা করা হবে।



