ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
আজ শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, এবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে। ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, যার নাম হেমোরেজিক। ডেঙ্গু আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রক্তক্ষরণও হতে পারে। তাই আগে থেকেই সচেতন হতে হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। তিনি জানান, তাদের জরিপে দেখা গেছে দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ পালন করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মন্তব্য করেন তিনি।



