জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) গতকাল এই খবর জানায়। ১৮ বছর বয়সী এই তরুণ অনুশীলনে চোট পেয়েছেন।
কার্লের চোটের বিবরণ
ডিএফবি জানিয়েছে, কার্লের মাংসপেশি ছিঁড়ে গেছে। দলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রেওগো। কার্লের চোট নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ডিএফবি পক্ষ থেকে বলা হয়, ‘শেষ মুহূর্তের অনুশীলনে লেনির মাংসপেশি মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। এই চোটের কারণে ও বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তোমার দ্রুত আরোগ্য কামনা করি, আমরা তোমার সঙ্গেই আছি।’
চোটের ঘটনা
শিকাগোতে আজ রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে জার্মানির শেষ প্রস্তুতি ম্যাচের ঠিক আগের অনুশীলনে এ চোটে পড়েন কার্ল। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন জার্মান ফুটবলে ‘রত্ন’ হিসেবে বিবেচিত হওয়া এ তরুণ। চ্যাম্পিয়নস লিগে ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও তাঁর। বায়ার্নের হয়ে আলো ছড়ানোর পর এবার বিশ্বকাপে অন্যতম সেরা তরুণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল কার্লকে।
কার্লের ক্যারিয়ার
আন্তর্জাতিক ফুটবলে দ্রুতই নিজের জাত চেনানো কার্ল গত মার্চে জার্মানির জার্সিতে অভিষিক্ত হন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে জার্মানির শুরুর একাদশের হয়ে মাঠে নেমে খুব ভালো খেলেন কার্ল। একটি গোলও বানান। বায়ার্নের হয়ে এবার বুন্দেসলিগা জয়ে ২৬ ম্যাচে করেছেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৯ ম্যাচে তাঁর গোল ৯টি।
কোচের প্রতিক্রিয়া
কার্লের চোট যে মারাত্মক, সেটা আগেই ঠাহর করতে পেরেছিলেন জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। সংবাদ সম্মেলনে নাগলসমান বলেন, ‘দুর্ভাগ্যবশত আজ অনুশীলনে লেনি চোট পেয়েছে। এখন কী হয়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সত্যি বলতে, চোটটা মোটেও ভালো ঠেকছে না।’
বিশ্বকাপের নিয়ম
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ‘গুরুতর চোট বা অসুস্থতায়’ পড়লে প্রথম ম্যাচে কিক-অফের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত তাঁর বদলি খেলোয়াড় দলে ডাকতে পারবেন নাগলসমান। ‘ই’ গ্রুপ থেকে ১৪ জুন নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
নয়্যারের অবস্থা
নাগলসমান গতকাল শুক্রবার আরও জানান, যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি। গত মাসে বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময় পায়ের পেশির চোটে পড়েন নয়্যার, যা নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে। এর অর্থ হলো, জাতীয় দলের হয়ে প্রায় দুই বছর কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন নয়্যার। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও গত মাসে অবসর ভেঙে দলে ফিরতে রাজি হন নয়্যার। কিংবদন্তি এ গোলকিপারের অনুপস্থিতিতে জার্মানির পোস্টে প্রথম পছন্দ ছিলেন অলিভার বাউমান। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে ছিলেন তিনিই।



