রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ শুনানি পরিচালনা করেন।
শুনানির বিবরণ
বুধবার বেলা ১১টা ৯ মিনিটে বিচারক আদালতে হাজির হন। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। বিচারক সোহেল রানার কাছে জানতে চান তার কিছু বলার আছে কিনা। জবাবে সোহেল রানা বলেন, 'আমি নির্দোষ স্যার। স্যার, আমাকে মাফ করে দিন।' তিনি আরও বলেন, 'স্যার আমার সঙ্গে ডলার ছিল, তাকে কেউ দেখেনি। তাকে ধরেন। আমিও দোষ করেছি। কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল আছে। আমাকে ক্ষমা করে দেন। আমি নির্দোষ, খালাস চাই।'
অপর আসামি স্বপ্না বলেন, 'স্যার আমি নির্দোষ। আমি কিছু করিনি।'
পূর্ববর্তী শুনানি
এর আগে মঙ্গলবার (২ জুন) মামলার ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন রামিসার বাবা, মা, বোন, স্বজন, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ আবেদন জানায়, যা মঞ্জুর করে আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার দিন ধার্য করেন।
মামলার পরবর্তী ধাপ
আত্মপক্ষ শুনানি শেষে পরবর্তী ধাপ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেন আদালত।
মামলার পটভূমি
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল।



