মুক্তাগাছায় পাওনা টাকা চেয়ে ব্যবসায়ী খুন, আটক ১
মুক্তাগাছায় পাওনা টাকা চেয়ে ব্যবসায়ী খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে মারধর ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর পরিচয়

নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে নিহত শফিকুল ইসলাম শফু ৩ হাজার টাকা পাওনা ছিল।

ঘটনার বিবরণ

শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে দুই হাতে গলা চেপে ধরেন। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ। মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ