তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। তিনি বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে ইতিমধ্যে মিডিয়া কমিশন গঠনের কাজ শুরু হয়েছে।'
ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। মন্ত্রী এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
অফকমের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ
সাক্ষাৎকালে সারা কুক জাহির উদ্দিন স্বপনকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। মন্ত্রী যুক্তরাজ্যের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফিস অফ কমিউনিকেশনসের (অফকম) অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করে বলেন, 'মিডিয়া সেক্টরের নীতি প্রণয়নে অফকমের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।' ব্রিটিশ হাইকমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন এবং অফকমের সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পরে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংলি তথ্যমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সুইস রাষ্ট্রদূত জাহির উদ্দিন স্বপনকে নতুন দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী বলেন, 'গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে আমরা মানুষকে ভুল তথ্য ও অপতথ্য থেকে রক্ষা করতে চাই।' এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সুইজারল্যান্ডের আধুনিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আজ বিশ্বে নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করেছে।' তিনি এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সময়ে প্রতিমন্ত্রী সুইস রাষ্ট্রদূতকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।



