গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২১ মে) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান।
ঘটনার বিবরণ
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চরাঞ্চলীয় এরেন্ডাবাড়ী ইউনিয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ভিজিএফের মোট ৪৬৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) চাল গত বুধবার বালাসীঘাটে এনে রাখা হয়। পরে চালগুলো যথাসময়ে ইউনিয়নে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তিনটি নৌকায় বোঝাই করা হয়।
এদিন সকালে হঠাৎ ওই এলাকায় মুষলধারে বৃষ্টি ও ঝড়োহাওয়া শুরু হয়। নৌকাগুলো নদীপথে রওনা দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রবল বাতাস ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে। একপর্যায়ে বাতাসের তীব্রতায় চালবোঝাই দুটি নৌকা নদীতে ডুবে যায়।
উদ্ধার তৎপরতা
ঘটনার পরপরই স্থানীয় লোকজন, চরের বাসিন্দা ও সংশ্লিষ্টরা চাল উদ্ধারের চেষ্টা শুরু করেন। এখনও উদ্ধার কাজ চলছে।
ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এই সরকারি ভিজিএফের চাল আনা হয়েছিল। সকালে হঠাৎ শুরু হওয়া বৃষ্টি ও ঝড়োহাওয়ার কারণে দুটি নৌকা ডুবে যায়। ঘটনার পর থেকেই চাল উদ্ধারের চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং চাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



