শাটডাউন উপেক্ষা করে ডুয়েটে প্রবেশ করলেন নতুন ভিসি ইকবাল
শাটডাউন উপেক্ষা করে ডুয়েটে প্রবেশ করলেন নতুন ভিসি ইকবাল

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিক্ষকদের একাংশ ও কর্মচারীদের নিয়ে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এর আগে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরের সভাকক্ষে শিক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ভিসিকে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষক সমিতির বক্তব্য

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ভিসি নিজ চেয়ারে বসেছেন। এ সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘নিজ কার্যালয়ে আসার পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।’

শাটডাউনের পটভূমি

হামলা, মামলা, ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচির পর মঙ্গলবার বিকালে ডুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ বা ক্যাম্পাসে পুরোপুরি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। বুধবার সকালেই ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। মঙ্গলবার রাতেই বেশির ভাগ শিক্ষার্থী গ্রামের বাড়িতে চলে যায়। ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে ‘সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে আন্দোলনে নামে শিক্ষার্থীদের একটি অংশ। সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলা-মামলায় টানা ছয় দিন বিক্ষোভে উত্তাল ছিল ডুয়েট।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্দোলনকারীদের দাবি

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। নবনিযুক্ত ভিসিকে প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ডুয়েটের কোনো শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া তাদের তিন দফা দাবির মধ্যে অন্যতম। মঙ্গলবার পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান পুরো ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। তিনি বলেন, ‘মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে; কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে।’

ভিসির সাথে বৈঠক

বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে বৈঠক করেন নবনিযুক্ত ভিসি। ডুয়েটের পাশে গাজীপুর উপজেলা পরিষদে এ বৈঠক হয়। এরপর বৃহস্পতিবার আবার মেট্রোপলিটন সদর দপ্তরে বৈঠকের আয়োজন করা হয়। সেখানে শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে বেলা আড়াইটার দিকে ডুয়েট ক্যাম্পাসে ঢুকে নিজ কার্যালয়ে যান ভিসি।

নিয়োগের প্রেক্ষাপট

গত ১৪ মে বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামে। এই শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় নেতাকর্মীরা রয়েছে। নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা ঢাকা-শিমুলতলী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরদিন শুক্রবারও আন্দোলন অব্যাহত থাকে। পরে উপাচার্যকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে ‘লাল কার্ড’ দেওয়া হয়। পক্ষে-বিপক্ষে ছাত্রদল-ছাত্র শিবির ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন আহত হন। এ ঘটনায় ২ হাজার ৫শ জনের বিরুদ্ধে মামলা করা হয়।