রাজশাহীর পুঠিয়ায় এক সাধু ফকিরের আস্তানায় স্বামীর সহযোগিতায় এক নারীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাজশাহীর বেলপুকুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
অভিযুক্তরা কারা?
মামলার আসামিরা হলেন পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকির (৬৭) এবং ভুক্তভোগী নারীর স্বামী। অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই একটি আস্তানা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যাতায়াত করেন। ভুক্তভোগী নারীর স্বামীও তার অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়।
ঘটনার বিবরণ
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারে নিয়ে যাওয়ার কথা বলে ওই নারীকে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান তার স্বামী। সেখানে স্বামীর সহযোগিতায় হাত-পা বেঁধে হামিদ ফকির ধর্ষণ করে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে চেষ্টা করেন ওই নারীর স্বামী। পরে সুযোগ পেয়ে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান ভুক্তভোগী। এরপর তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার বেলপুকুর থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশের বক্তব্য
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’



