ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু, অপমৃত্যুর মামলা
ফরিদপুর কারাগারে হাজতির মৃত্যু, অপমৃত্যুর মামলা

ফরিদপুর জেলা কারাগারে শাহ আলম (৪৮) নামের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

কারাগারে ভর্তি ও অসুস্থতা

মৃত শাহ আলম মাদক মামলার আসামি হিসেবে গত ১ এপ্রিল থেকে ফরিদপুর কারাগারে বন্দি ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের কালীবাড়ি রোডের বাসিন্দা জালাল মোল্লার ছেলে। জেলা কারাগার সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে শাহ আলম পেটের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন। তাকে জেলখানার হাসপাতাল ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

শারীরিক অবস্থার অবনতি ও মৃত্যু

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জেল সুপারের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, মাদক মামলার আসামি শাহ আলম নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জেলার মনির হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ