গুলিতে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে কারাগারে
গুলিতে ১৯ লাখ টাকা ছিনতাই: জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

রাজধানীর কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ছিনতাই ও কয়েকজনকে কুপিয়ে আহতের মামলায় ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন।

গ্রেফতার ও আদালতে হাজিরা

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করে র‍্যাব-১০। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই জহিরুল ইসলাম। আদালতে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানি করেন।

শুনানিতে তিনি বলেন, আসামি নির্দোষ ও নিরাপরাধ। তাকে হয়রানি ও পরিবারকে হেয় করার জন্যই মামলায় জড়ানো হয়েছে। জামিন দিলে তিনি পলাতক হবেন না। তবে বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক আসামির জামিন

এদিকে রবু মিয়া নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী খান মো. ইব্রাহিম জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাকে জামিন দেন।

ঘটনার বিবরণ

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৬ মে বিকালে ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানসহ কয়েকজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। কদমতলী থানার ঢাকা ম্যাচ রেল লাইন সংলগ্ন বাজারে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথরোধ করে। তারা দেশীয় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও সুইচ গিয়ার নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে মো. হাসান, রনি, মোতালেব ও নয়নসহ অন্তত পাঁচ থেকে সাত জন আহত হন। এরপর হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসায়িক নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

মামলা দায়ের

ঘটনার পরদিন ৭ মে ভুক্তভোগী হাসান কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।