ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক মেয়েদের স্কুল-কলেজের সামনে বখাটেদের উপদ্রব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যে দলেরই হোক, এসব বখাটেদের ছাড় দেওয়া যাবে না।
বিদ্যালয় পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
বুধবার (১৩ মে) দুপুরে নবাবগঞ্জ উপজেলার সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বখাটেদের বিরুদ্ধে কঠোর নির্দেশ
খন্দকার আবু আশফাক বলেন, 'আমার কাছে অভিযোগ এসেছে মেয়েদের স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা ডিস্টার্ব করে। এমনকি তারা স্কুলের সামনে এসে আড্ডা দেয়। এদেরকে আইনের আওতায় আনতে হবে।' তিনি উপস্থিত নবাবগঞ্জ থানার ওসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জনগণের সেবক হিসেবে কাজ করতে চান এমপি
জনগণই সব ক্ষমতার উৎস মন্তব্য করে তিনি বলেন, 'জনগণ আমাদের শাসক নয়, সেবক হওয়ার জন্য ভোট দিয়েছেন। আমরা শাসক নয়, জনগণের সেবক হয়েই কাজ করতে চাই।'
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
আবু আশফাক বলেন, 'তারেক রহমানের মতো একজন সাদামনের মানুষকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি। তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করেন। তিনি আমাদের শিখিয়েছেন পেছনে না তাকিয়ে সামনে তাকাতে হবে। বিগত সরকার কী করেছে এটা না ভেবে আমরা দেশের জন্য কী করতে পারি- এটা জনগণকে দেখাতে হবে।'
অপরাধীর জন্য কোনো স্থান নেই
এমপি আরও বলেন, 'দোহার-নবাবগঞ্জে কোনো অপরাধীর স্থান নেই। অপরাধী কোনো দলের হতে পারে না, তাদের পরিচয় তারা অপরাধী। যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবে তাদের আইনের আওতায় আনতে হবে।'
শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অন্যান্য কার্যক্রম
এর আগে এমপি বিদ্যালয়ে এলে তাকে ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় এমপিকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ, বান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি সজিবর রহমান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন।
এরপর বান্দুরা হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ ও দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বিকালে নারিশা গোডাউনে সরকারি ধান ক্রয় কার্যক্রমেরও উদ্বোধন করেন খন্দকার আবু আশফাক।



